মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবন ও কর্ম সহজ ভাষায় তুলে ধরে একটি বই লেখার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ পরিকল্পনার কথা জানান।
পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, কয়েক বছর আগে তিনি হজ পালন করেন। হজ শেষে দেশে ফিরে ধর্মীয় বিষয় সম্পর্কে জানার আগ্রহ তার মধ্যে অনেক বেড়ে যায়। সেই সময় তিনি মহানবী (সা.)–এর জীবনী নিয়ে লেখা কয়েকটি বই পড়েন।
তিনি জানান, ওই বইগুলো পড়ার পর তার মনে গভীর ইচ্ছা তৈরি হয় মহানবী (সা.)–এর জীবন নিয়ে সহজ ভাষায় একটি বই লেখার। যেখানে শুধু ধর্মীয় বিষয় নয়, বরং মানবতার পথপ্রদর্শক হিসেবে তার ভূমিকার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, যুদ্ধ পরিচালনা, কূটনীতি, রাষ্ট্র পরিচালনা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তার অসাধারণ অবদান তুলে ধরার চেষ্টা থাকবে।
তবে তিনি স্বীকার করেন, এই কাজটি অত্যন্ত বড় এবং চ্যালেঞ্জিং। তারপরও তিনি সাহস করে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন।
আসিফ নজরুল জানান, এর মধ্যেই দেশে সরকার পরিবর্তনের ঘটনা ঘটে এবং তার ব্যক্তিগত জীবনেও বড় ধরনের পরিবর্তন আসে। ফলে লেখালেখি তো দূরের কথা, এ বিষয়ে ভাবার মতো সময়ও তিনি পাননি।
তবে বর্তমানে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বলে উল্লেখ করেন। তার ভাষায়, আল্লাহর রহমতে পুরোনো সেই ইচ্ছা আবার জাগ্রত হয়েছে এবং ইনশাআল্লাহ তিনি শিগগিরই কাজটি শুরু করবেন।
পোস্টের শেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।