অনলাইন মাধ্যমে প্রকৃত ও কৃত্রিম বিষয়বস্তুর মধ্যকার ব্যবধান ক্রমান্বয়ে অস্পষ্ট হয়ে ওঠার প্রেক্ষিতে বড় ধরনের সংস্কার নিয়ে এসেছে ইউটিউব।
দর্শকদের বিভ্রান্তি দূর করার পাশাপাশি নির্ভরযোগ্যতা নিশ্চিতে ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে কন্টেন্ট চেনার প্রযুক্তি এবং বিশেষ সতর্কবার্তা ব্যবস্থা যুক্ত করছে।
ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্য নেওয়া হলে তা স্বয়ংক্রিয়ভাবে ধরে ফেলবে প্ল্যাটফর্মটির নতুন একটি বিশেষ টুল। ইউটিউবের আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়, নতুন এই নিয়মে আগের মতোই ভিডিও নির্মাতাদের নিজেদের কন্টেন্টে এআই ব্যবহারের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা থাকছে। এর পাশাপাশি যুক্ত হওয়া নতুন স্বয়ংক্রিয় প্রযুক্তিটি ভিডিওর ভেতরে বাস্তবসম্মত এআইয়ের ব্যাপক উপস্থিতি সুনির্দিষ্টভাবে খুঁজে বের করতে সক্ষম হবে।
চলতি মাস থেকেই নতুন এই প্রক্রিয়া কার্যকর হতে যাচ্ছে। কোনো ভিডিও নির্মাতা যদি কৃত্রিম প্রযুক্তি ব্যবহারের তথ্য আড়াল করেন বা সঠিক লেবেল দিতে ব্যর্থ হন, তবে ইউটিউবের স্বয়ংক্রিয় ব্যবস্থাটি নিজে থেকেই সেই সতর্কবার্তা যুক্ত করে দেবে। তবে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল লেবেল লেগে গেলে নির্মাতারা ইউটিউব স্টুডিওর সাহায্যে তা সংশোধনের সুযোগ পাবেন। অবশ্য প্ল্যাটফর্মটি স্পষ্ট করেছে যে, সব সতর্কবার্তা মুছে ফেলা যাবে না। বিশেষ করে ইউটিউবের নিজস্ব এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো ভিডিও কিংবা সি২পিএ মেটাডেটা সম্বলিত কন্টেন্টের ক্ষেত্রে এই সতর্কবার্তা স্থায়ীভাবে থেকে যাবে, যা মূলত ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিম উপায়ে তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের মতামতের ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শকরা এআই কনটেন্টের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। নতুন এই পরিবর্তন একদিকে যেমন ভিডিওর সত্যতা নিশ্চিত করবে, অন্যদিকে নির্মাতাদের কাজের স্বাধীনতাও বজায় রাখবে। মূলত ইন্টারনেটে কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইদানীংকালে বহু ব্যবহারকারী ইন্টারনেটে আসল ও নকল ভিডিওর পার্থক্য করতে না পারার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর এআই নির্মিত ভিডিওগুলোতে সুনির্দিষ্ট লেবেল ব্যবহারের মাধ্যমে কন্টেন্টের সত্যতা বজায় রাখার চাপ বাড়ছিল।
নতুন এই লেবেল বা সতর্কবার্তা প্রদর্শনের ক্ষেত্রেও পরিবর্তন এনেছে ইউটিউব। এখন থেকে অপেক্ষাকৃত বড় আকারের ভিডিওর ক্ষেত্রে প্লেয়ারের ঠিক নিচেই এই সতর্কতা দেখা যাবে। অন্যদিকে ছোট দৈর্ঘ্যের ইউটিউব শর্টস ভিডিওগুলোর ক্ষেত্রে স্ক্রিনের ওপর একটি স্বচ্ছ স্তর বা ওভারলে হিসেবে এটি প্রদর্শিত হবে।