রবিবার, 4 অক্টোবর 2026
সকল বিভাগ

দুই গ্যালাক্সির মিলনের ছবি প্রকাশ করল নাসা

মহাবিশ্বের এক অনন্য দৃশ্য ধারণ করেছে নাসার হাবল স্পেস টেলিস্কোপ। সম্প্রতি প্রকাশিত সেই ছবিতে এক বিশাল ছায়াপথ জোট বা গ্যালাক্সি ক্লাস্টারের অবয়ব ফুটে উঠেছে।

দুই গ্যালাক্সির মিলনের ছবি প্রকাশ করল নাসা
ছবি : সংগৃহীত

মহাবিশ্বের এক অনন্য দৃশ্য ধারণ করেছে নাসার হাবল স্পেস টেলিস্কোপ। সম্প্রতি প্রকাশিত সেই ছবিতে এক বিশাল ছায়াপথ জোট বা গ্যালাক্সি ক্লাস্টারের অবয়ব ফুটে উঠেছে।

বিজ্ঞানীদের ধারণা, সৃষ্টির রহস্য উদ্ঘাটন এবং মহাজগতের অন্যতম রহস্যময় উপাদান ‘ডার্ক ম্যাটার’ বা অদৃশ্য বস্তুর প্রকৃতি বুঝতে এই আলোকচিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গবেষকদের কাছে এই ছায়াপথ জোটটি ‘CL0016+1609’ অথবা ‘MACS J0018.5+1626’ নামে পরিচিত। এক্স-রে ও রেডিও তরঙ্গের মাধ্যমে এটি তীব্র আলো ছড়ায়, যা বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণার অন্যতম কেন্দ্রবিন্দু। মূলত এক্স-রে পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, এখানে দুটি পৃথক গ্যালাক্সি ক্লাস্টার একে অপরের সঙ্গে একীভূত হচ্ছে।

অদৃশ্য ডার্ক ম্যাটারের বিস্তৃতি সুনির্দিষ্টভাবে পরিমাপের জন্য গবেষক দল হাবল টেলিস্কোপের অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করেছেন। যদিও এই অদৃশ্য বস্তুকে সরাসরি দেখা সম্ভব নয়, তবে এর তীব্র মহাকর্ষীয় টানের কারণে দূরবর্তী সাধারণ বস্তুর আলোর গতিপথ কিছুটা বেঁকে যায়। আলোর এই বিচ্যুতির ওপর ভিত্তি করেই বিজ্ঞানীরা গ্যালাক্সির এই মিলন প্রক্রিয়া এবং সামগ্রিক মহাবিশ্বের গঠন কাঠামো বিশ্লেষণ করতে সক্ষম হন।

হাবলের ‘ওয়াইড ফিল্ড ক্যামেরা ৩’-এর সংগৃহীত তথ্যের সাহায্যে এই মহাজাগতিক দৃশ্যটি তৈরি করা হয়েছে। এটি মূলত ‘রেলিকস’ (RELICS) নামক একটি বিশেষ বৈজ্ঞানিক কর্মসূচির অংশ, যার অধীনে ইতোমধ্যে ৪৬টি বৃহৎ গ্যালাক্সি ক্লাস্টারের ওপর নজরদারি চালানো হয়েছে। এই ক্লাস্টারগুলোর শক্তিশালী মহাকর্ষীয় শক্তিকে লেন্স হিসেবে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা মহাবিশ্বের গভীরতম প্রান্তে থাকা প্রায় ৩০০টি সুদূরবর্তী গ্যালাক্সির সন্ধান পেয়েছেন।