চাঁদের চারপাশে প্রদক্ষিণ শেষ করে পৃথিবীর পথে ফিরতে শুরু করেছে নাসার আর্টেমিস-২ মিশনের চারজন নভোচারী। এই ঐতিহাসিক অভিযানের মাধ্যমে তারা এখন পর্যন্ত মানুষের জন্য মহাকাশে সবচেয়ে দূরবর্তী অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড স্থাপন করেছেন।
এর আগে কোনো মানব মিশন এত দূর মহাকাশে যেতে পারেনি। এই রেকর্ড গড়ার সময় কিছু সময়ের জন্য পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নভোচারীদের। প্রায় ৪০ মিনিট যোগাযোগহীন থাকার পর আবারও সংযোগ স্থাপিত হয়।
যোগাযোগ ফিরে আসার পর নভোচারী ক্রিস্টিনা কচ বলেন, "পৃথিবীর সঙ্গে আবার যোগাযোগ করতে পেরে দারুণ লাগছে।"
এর কিছুক্ষণ পর মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠের কয়েক হাজার মাইল কাছ দিয়ে অতিক্রম করে এবং ওই সময় নভোচারীরা একটি পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেন।
উল্লেখ্য, সোমবার গ্রিনিচ মান সময় বিকেল ৩টা ৫৮ মিনিটে চার নভোচারী চাঁদের পেছনের সবচেয়ে দূরবর্তী অঞ্চলে পৌঁছান।
এর আগে ১৯৭০ সালের এপ্রিল মাসে নাসার অ্যাপোলো-১৩ মিশনের সময় নভোচারীরা পৃথিবী থেকে সবচেয়ে দূরের অবস্থানে পৌঁছেছিলেন। সে সময় তারা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার (প্রায় ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল) দূরত্ব অতিক্রম করেছিলেন।