জ্বালানি খাতে আধুনিক প্রযুক্তি নিয়ে নতুন ব্যাটারি বাজারজাত শুরু করেছে গ্রেট ওয়াল হাই-টেক।
সিরামিক শিল্পে সফলতার ধারাবাহিকতায় এবার শক্তি সংরক্ষণ বা এনার্জি স্টোরেজ সেক্টরে নিজেদের অবস্থান সুসংহত করতে শনিবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্নত মানের ব্যাটারি সিরিজ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
গাজীপুরে অবস্থিত কোম্পানির নিজস্ব ব্যাটারি কারখানায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি সারাদেশ থেকে আসা পরিবেশকরা অংশগ্রহণ করেন। স্থানীয় আবহাওয়া ও বৈশ্বিক মানদণ্ড বিবেচনা করে বিশেষভাবে তৈরি করা এই ব্যাটারিগুলো ইভি, মিশুক, আইপিএস, পিসি এবং সিভিসহ বিভিন্ন খাতে ব্যবহারযোগ্য। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই পণ্যগুলো দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
এই উৎপাদন প্রকল্পের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো—একদল অভিজ্ঞ চীনা প্রকৌশলী এবং বাংলাদেশি প্রযুক্তিবিদদের যৌথ কারিগরি সহায়তা। এই বিশেষজ্ঞ দলের সরাসরি তত্ত্বাবধানে আন্তর্জাতিক প্রযুক্তির সমন্বয়ে প্রতিটি ব্যাটারি প্রস্তুত করা হচ্ছে। পণ্য পরিচিতি সেশন চলাকালে উপস্থিত ডিলাররা কারখানা ঘুরে দেখেন এবং উৎপাদন প্রক্রিয়ার গুণগত মান দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
অনুষ্ঠানে গ্রেট ওয়াল হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল মাহমুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খালেদুজ্জামান এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মো. সানোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই নতুন যাত্রার শুভ সূচনা করেন। নতুন এই ব্যাটারি সিরিজ দেশের বাজারে এক আধুনিক ও টেকসই বিকল্প হিসেবে জায়গা করে নেবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।